চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি ইইউর

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩৪

হংকংয়ের নির্বাচন নিয়ে বেইজিংয়ে খসড়া আইন

হংকংয়ের নির্বাচনি ব্যবস্থা নিয়ে চীনের পার্লামেন্টে নেওয়া ভোটের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এ নিন্দা জানিয়ে ইইউ থেকে বলা হয়, এ জন্য তারা বেইজিংয়ের বিরুদ্ধে ‘অতিরিক্ত ব্যবস্থা’ গ্রহণ করতে পারে। ২৭টি দেশের জোট ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসে আজ (বৃহস্পতিবার) যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তারা তার প্রতিবাদ জানাচ্ছে। কেননা এটি গণতান্ত্রিক জবাবদিহিতা ও রাজনৈতিক বহুত্ববাদী হংকংয়ে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে।

চীনা পার্লামেন্টে ঐদিন ২৮৯৫-০ ভোটে হংকংয়ের নির্বাচন পদ্ধতি পরিবর্তনের খসড়া আইনটি পাশ হয়। দেশটির আইনপ্রণেতারা এতে তাদের বিপুল সমর্থন জানান। ইইউ সেদিন তাদের বিবৃতিতে বলেন, নতুন এই খসড়া আইনটির কারণে হংকং অস্তিত্ব সংকটে পড়বে। তারা এজন্য হংকংয়ের আস্থা ফিরিয়ে আনতে চীনের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে একে অপরকে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। —এএফপি