হাসপাতাল থেকে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় বাড়ি ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। ব্যবহার করতে হবে ক্র্যাচ অথবা হুইল চেয়ার।
গত বুধবার মেদিনীপুরের নন্দীগ্রামে নমিনেশন ফাইল করার পর প্রচারে থাকার সময় গাড়ীর দরজার আঘাতে বা পায়ের পাতায় চোট পান মমতা। পরে তাকে কলকাতায় এনে এসএসকেএমে ভর্তি করা হয়। চিকিৎসকরা আরও কয়েকদিন হাসপাতালে রাখতে চেয়েছিলেন মমতাকে। কিন্তু মমতা বাড়ি ফিরতে নাছোড়বান্দা থাকায় তাকে ছুটি দেওয়া হয়। তবে তার আগে পুরনো প্লাস্টার কেটে নতুন প্লাস্টার করা হয়।
তৃণমূল সূত্রে জানা গেছে, শনিবারই প্রচারে নামতে চেয়েছিলেন মমতা। তবে চিকিৎসকদের পরামর্শে তা বাতিল করতে হয়েছে। কয়েকদিন পর নতুন সূচি তৈরি করে জেলা সফরে যাবেন মমতা। সঙ্গী হবে হুইল চেয়ার।
এদিকে মমতার আঘাতের পেছনে ষড়যন্ত্র রয়েছে, ভারতের নির্বাচন কমিশনে বৃহস্পতিবার এমনই অভিযোগ জানালো তৃণমূল। নির্বাচন কমিশনে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার অভিযোগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুজনের যুক্ত থাকার কথা জানিয়েছেন। ঘটনার আগে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতার আঘাত লাগতে পারে এমন ইঙ্গিত করেছিলেন। সে কথাও অভিযোগে জানানো হয়েছে।
ইত্তেফাক/এসজেড
