বিশ্ববিদ্যালয় রিপোর্টার
নারীর অবদমনের প্রতিবাদ করে গণতন্ত্রের দাবি নিয়ে রাজধানীতে পদযাত্রা করেছে ৫০টি সংগঠন, জোট, নেটওয়ার্ক ও ফোরাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এ পদযাত্রা করে তারা। গতকাল গুলিস্তানের শহিদ নুর হোসেন স্কয়ার থেকে শুরু হওয়া এ পদযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি, পেশা ও জাতির নারীরা। পদযাত্রাটি ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুুন, ঢোলক বাজনা, গান ও স্ল্লোগানসহ আব্দুল গনি সড়ক, হাইকোর্ট, ঈদগাহ হয়ে মত্স্য ভবনের পাশ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। কর্মসূচির এবারের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র’। পদযাত্রা শেষে ঢুলির বাজনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কর্মসূচি থেকে রাষ্ট্রের কাছে অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বেশ কয়েক দফা দাবি তুলে ধরা হয়। নারী দিবস কমিটির আহ্বায়ক ও নারীপক্ষের আন্দোলন সম্পাদক তামান্না খানের পরিচালনায় অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন নারীপক্ষের সদস্য রেহানা সামদানী এবং কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার ইকবাল আহমেদ।
