রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলা মামলা নেয়নি পুলিশ

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণের ঘটনায় গত পাঁচ দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে ওসির সুসম্পর্ক থাকায় মামলা রুজু করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রূপগঞ্জ থানার পুলিশে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, গত ৮ মার্চ সন্ধ্যায় আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহেদ আলীর সমর্থনে উঠান বৈঠকসহ নির্বাচনি কাজ শেষে ঢাকার বাসায় ফিরে যাওয়ার পথে দুর্বৃত্তরা শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা শফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা শফিকুল ইসলাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির গ্লাস ভেদ করে চলে যায়। মুমূর্ষু অবস্থায় শফিকুল ইসলাম ও তার গাড়িচালক তারেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হিসেবে রুজু করেনি পুলিশ।

শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের সঙ্গে ওসির সুসম্পর্ক থাকায় অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হচ্ছে না। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা না হলে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তত্পর না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ওসি মহসিনুল কাদির বলেন, আন্দোলন করতে হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ তত্পর রয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।