হাসপাতাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে আপাতত কয়েকদিন তাকে বিশ্রামেই থাকতে হবে। তাকে ক্র্যাচ অথবা হুইল চেয়ার ব্যবহার করতে হবে।
গত বুধবার মেদিনীপুরের নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচনী প্রচারণার সময় গাড়ির দরজার আঘাতে বাম পায়ের পাতায় চোট পান মমতা ব্যানার্জি। এরপর তাকে কলকাতায় এসএসকেএমে ভর্তি করা হয়। চিকিত্সকরা আরো কয়েকদিন তাকে হাসপাতালে রাখতে চেয়েছিলেন। কিন্তু মমতা বাড়ি ফিরতে চাইলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে এর আগে পুরোনো প্লাস্টার কেটে নতুন প্লাস্টার করা হয়।
তৃণমূল সূত্র জানায়, শনিবারই প্রচারণায় নামতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। তবে চিকিত্সকদের পরামর্শে তা বাতিল করতে হয়েছে। কয়েকদিন পর নতুন সুচি তৈরি করে জেলা সফরে যাবেন তিনি। সঙ্গী হবে হুইল চেয়ার।
এদিকে মমতার আঘাতের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন, সৌগত রায় ও কাকলি ঘোষ অভিযোগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুইজনের যুক্ত থাকার কথা জানিয়েছেন। ঘটনার আগে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতার আঘাত লাগতে পারে এমন ইঙ্গিত করেছিলেন। সে কথাও অভিযোগে জানানো হয়েছে।
