বিশ্ব জুড়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে যমজ শিশু জন্মের হার বেড়েছে। বিশ্বে প্রতি বছর ১৬ লাখের বেশি যমজ শিশু জন্ম নিচ্ছে। এখন প্রতি ৪২ শিশুর একটি যমজ। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।
গবেষকরা বলছেন, যমজ শিশু জন্মের এই প্রবণতা আগে কখনো দেখা যায়নি। বেশি বয়সে সন্তান নেওয়া এবং আইভিএফসহ আধুনিক চিকিত্সাব্যবস্থার সহায়তায় সন্তান ধারণ বৃদ্ধি পাওয়া এর একটি প্রধান কারণ। তবে এই হার কমতে পারে কারণ এক সন্তানের জন্ম কম ঝুঁকিপূর্ণ এবং সেদিকেই জোর দেওয়া হচ্ছে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘হিউম্যান রিপ্রোডাকশনে’ প্রকাশিত প্রতিবেদনের সহ-লেখক ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ক্রিস্টিয়ান মনডেন বলেন, বিশ্বে যমজ শিশুর সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে, গত বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এমনটা আর দেখা যায়নি। গবেষকরা ১৬৫টি দেশের ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ করে এ গবেষণা করেছেন এবং এই উপাত্ত ১৯৮০ থেকে ১৯৮৫ সালের উপাত্তের সঙ্গে তুলনা করে দেখেছেন। গত ৩০ বছরে যমজ শিশুর জন্ম বেড়েছে উত্তর আমেরিকায় ৭১ শতাংশ এবং এশিয়ায় ৩২ শতাংশ।
অধ্যাপক মনডেন বলেন, শিশুদের মধ্যে যমজ শিশুর মৃত্যুহারও বেশি। গর্ভধারণের সময়, জন্ম নেওয়ার আগে-পরে মা ও শিশুর জন্য জটিল পরিস্থিতি তৈরি করে। এ কারণে গবেষকরা বলছেন, স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে জন্ম নেওয়া যমজ শিশুদের প্রতি বেশি মনোযোগ দেওয়া দরকার।
