পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত সিলেটের এমপি মাহমুদ উস সামাদ

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৩১

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে (কয়েস) ফেঞ্চুগঞ্জের নূরপুরস্থ পারিবারিক গোরস্থানে লাখো মানুষের উপস্থিতি ও ভালোবাসায় দাফন করা হয়েছে গতকাল শুক্রবার বিকালে।

এর আগে বিকাল সোয়া ৫টায় উপজেলার কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে। সামাদ চৌধুরী একই আসন থেকে তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগ থেকে লোকারণ্য হয়ে যায় সড়ক ও মাঠ। এর আগে শুক্রবার  বেলা ১২টার দিকে তার মরদেহ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার  সিলেটের ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে  অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড় বাড়িতে নেওয়া হয়। মরহুমের পারিবারিক সূত্র জানায়, তার হার্টের সমস্যা ছিল। তাই এর অগে বাইপাস করিয়েছিলেন। করোনা আক্রান্তের পর প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু নিয়তি তাকে না ফেরার দেশে নিয়ে যায়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।