করিমগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আব্দুল বারিককে গ্রেফতার করেছে। তার বাড়ি উপজেলার কামারআচিয়া গ্রামে। অভিযোগে প্রকাশ, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে আব্দুল বারিক কাজের কথা বলে স্কুলছাত্রীকে তার বাড়িতে নিয়ে যায়। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য নিজ মোবাইল ক্যামেরায় ধারণ করে।
ঘটনাটি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রচার করা হবে বলে হুমকি দেওয়া হয়। আব্দুল বারিকের স্ত্রী স্বামীর মোবাইলে এই ভিডিও দৃশ্য দেখে ফেলার পর তা জানাজানি হয়ে যায়। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ আব্দুল বারিককে গ্রেফতার করে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, গ্রেফতার আব্দুল বারিককে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
