নরেন্দ্র মোদির সফর হবে শুধুই উদ্যাপনের

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৩৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর হবে শুধুই উদ্যাপনের। দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো এবার আলোচনায় আসবে না। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে গত বছর ১৭ মার্চ জাতীয় পর্যায়ে বড় আকারে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঐ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সব স্থগিত হয়ে যায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ মাসের ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী জাতীয় পর্যায়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে যোগ দিতে ২৬ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সবাই আমাদের সঙ্গে একাত্ম হয়ে, আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আসছেন—এটাই তো আমাদের বড় পাওয়া। তিস্তা চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদির সফরে কোনো আলোচনা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ওগুলো বাদ। আমরা যেটা চাই—সেটা হচ্ছে এই যে একটি আনন্দ উত্সব, আমাদের বড় উত্সবে সবাই আসছেন, এতে আমরা আনন্দিত। ভারতের সঙ্গে আমাদের যে ধরনের বড় বড় সমস্যা ছিল, সব আমরা আলোচনার মাধ্যমেই দূর করেছি। আর যদি কিছু থাকে, সেগুলো আস্তে আস্তে করব। কিন্তু এবারের সফরে এসব বিষয়ে আলোচনা হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান আসছেন না, তারাও বার্তা পাঠিয়েছেন। চীনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট বার্তা পাঠিয়েছেন।