সড়কে দুর্ঘটনা কমাতে ডিএনসিসি ও বিগ- আরএসের কাজ শুরু

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ব্লুমবার্গ ফিলানথ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিগ-আরএস) ঢাকা মহানগরীর সড়কে দুর্ঘটনা ও মৃত্যু কমিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সহযোগিতা কর্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ২০২৫ সাল পর্যন্ত সংস্থা দুটির মধ্যে সহযোগিতা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।  গত বৃহস্পতিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বিগ-আরএসের মধ্যে এই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম। গুলশানস্থ নগরভবন থেকে অনলাইনে ডিএনসিসি মেয়র এই কার্যক্রমের উদ্বোধন করেন। সারা বিশ্বে সড়কে সংঘর্ষের অন্যতম প্রধান কারণ গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ। এ বিষয়ে সহযোগিতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ব্লুমবার্গ ফিলানথ্রোপিসের ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ’-এর আওতায় সড়ক নিরাপত্তা কার্যক্রমের সহযোগী হিসেবেও ডিএনসিসি কাজ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে ব্লুমবার্গ ফিলানথ্রোপিসের প্রতিনিধি কেলি লার্সন এবং অন্য আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইসস্টিটিউটের (এআরআই) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ব্লুমবার্গ ফিলানথ্রোপিসের প্রতিনিধি কেলি লার্সন বলেন, বিশ্বে প্রতি বছর ১৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ সড়কে নিহত হন। পরীক্ষিত ও উপাত্তনির্ভর কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই মৃত্যু সংখ্যার প্রায় পুরোটাই প্রতিরোধ করা সম্ভব।