তামাক শিল্পের বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগিতামূলক বাজার রক্ষার দাবিতে রংপুরে অনশন কর্মসূচি পালন করেছে তামাকচাষিরা। বৃহস্পতিবার রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার পাবলিক লাইব্রেরির মাঠে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তামাক শিল্পে জড়িত চাষিরা বলেন, দেশে ব্যবসারত ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টিই শতভাগ দেশীয় মালিকানাধীন। আর দুটি বিদেশি মালিকানাধীন। বর্তমানে সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিগুলোকে একই কাতারে আনা হয়েছে। এতে চাষিদের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে লাখ লাখ বিড়ি শ্রমিকও। বিড়ি কারখানা বন্ধ হওয়া আয়ের পথ বন্ধ হয়ে পথে বসছে লাখো শ্রমিক। তামাক শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করে চাষ বৃদ্ধির ব্যবস্থাসহ চাষিদের স্বার্থ সংরক্ষণের দাবি জানানো হয়।
পরে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তামাকচাষিদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিসমূহের প্রতি সহমত পোষণ এবং চাষিদের পানি খাইয়ে তাদের অনশন প্রত্যাহার করেন।—প্রেস বিজ্ঞপ্তি
