বিনোদন রিপোর্ট
এ সময়ের জনপ্রিয় উপস্থাপক ও লেখক ইকবাল খন্দকার অনুষ্ঠান উপস্থাপনা ও আসন্ন বইমেলার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। বিটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে তার অনুষ্ঠান ‘গান আলাপন’। এছাড়া এশিয়ান টিভিতে ‘কথা প্রকাশ বই নবান্ন’ শিরোনামের একটি অনুষ্ঠান প্রতি বইমেলাতে উপস্থাপনা করেন তিনি। পাশাপাশি তাকে চলচ্চিত্র ও নাটকের স্ক্রিপ লিখতেও দেখা যায়। নিজের ব্যস্ততা নিয়ে ইকবাল খন্দকার বলেন, ‘এবারের বইমেলা আমার ১০টি বই প্রকাশ পাচ্ছে। এছাড়া বিটিভি ও অন্যান্য চ্যানেলের জন্য বেশকিছু নাটকের স্ক্রিপ লিখেছি। এরমধ্যে একুশে টিভির জন্য প্রায় ৫ বছর আগে গরিবের প্রতি উচ্চবিত্তদের আচরণ নিয়ে শিক্ষামূলক একটি নাটক লিখেছিলাম। সেই নাটকটি আবার শুরু হচ্ছে। তবে এবার কোন টিভিতে প্রচার হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আরো একটি আনন্দের খবর হলো, ক্যারিয়ারে প্রথম মন দিলাম নামের একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখছি।’ ক্যারিয়ারে নানামুখি কাজ করলেও নিজেকে কোন মাধ্যমে দেখতে চান? এমন প্রশ্নে ইকবাল খন্দকার বলেন, ‘আমি আসলে নিজেকে লেখক ও উপস্থাপক হিসেবেই দেখতে চাই। কারণ উপস্থাপনা আর লেখা দিয়ে মানুষের সবচেয়ে কাছে পৌঁছানো যায় বলে আমি মনে করি। একটি সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আর অন্যান্য কাজগুলো বলতে পারেন শখের বসে করি।’
