তিস্তা চুক্তি কেন বাস্তবায়ন হয়নি সেটা আমরা জানি: পররাষ্ট্রমন্ত্রী  

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০০:৪৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি ১০ বছর আগেই সই হয়েছে। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। কী কারণে বাস্তবায়ন হয়নি সেটা আমরা জানি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি ১০ বছর আগে পাতায় পাতায় সই হয়েছে। দুই পক্ষই ডকুমেন্টে সই করেছে। ভারত সরকার আমাদের বলেছে, আগে যে চুক্তি হয়েছে সেটা ‘স্টান্ডবাই’। তারা এটা গ্রহণ করে এবং তার থেকে কোনো ব্যত্যয় হয়নি। কি কারণে যে বাস্তবায়ন হয় নাই, আমরা তো সেটা জানি। পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার প্রতি ইঙ্গিতই যেন দিলেন পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন এটাই আনন্দের বিষয়। এছাড়া আরও চার দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা আসছেন। সাধারণত সরকার প্রধানরা সফরে আসলে আলোচনা হয়। ভারতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিছুদিন আগেই তাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন। এছাড়া বিভিন্ন সময় সচিব পর্যায়ে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হচ্ছে। বাণিজ্য, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করবেন। ইতিমধ্যে যেগুলো আলোচনা হয়েছে এবং মোটামুটি একটা ঠিক হয়েছে ওইগুলো যাতে বলবত থাকে, বাস্তবায়নে অসুবিধা না হয়, সেজন্য হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন। তবে নরেন্দ্র মোদির এবারের সফর মূলত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। 

তিনি জানান, ভারতসহ যেসব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আসছেন, সব দেশের সঙ্গে সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই হবে। ভারতের সঙ্গেও হবে। এছাড়া বিভিন্ন দেশের সরকার প্রধানরা ভিডিও বার্তা দেবেন। 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে তিনি যেসব কথা বলেছেন, সেটা ঠিকভাবে গণমাধ্যমে আসেনি। 

 

ইত্তেফাক/ইউবি