পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি বানাচ্ছে চীন ?

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:৫৫

চীন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার নৌশক্তিকে বাড়াতে চতুর্থ বিমানবাহী রণতরি বানাচ্ছে। দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, যুদ্ধজাহাজটি পারমাণবিক শক্তিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটি চীনের জাহাজ নির্মাণ খাতে বড় ধরনের প্রযুক্তির উন্নয়ন বলে ধরে নেওয়া হবে। দেশটিতে ইতিমধ্যে বিমানবাহী দুটি রণতরি সক্রিয় আছে। তৃতীয়টি এ বছরের মধ্যে উদ্বোধন করার কথা রয়েছে। তবে এগুলোর কোনোটিই পারমাণবিক শক্তিচালিত নয়। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, দুই বছর বিলম্বিত হওয়ার পর চতুর্থ যুদ্ধজাহাজের কাজ এ বছরের প্রথম ভাগে আবার শুরু হয়েছে। এদিকে চীনের নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণের মধ্য দিয়ে দেশটির জাহাজ নির্মাতারা এ খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে , চতুর্থ বিমানবাহী এ রণতরি নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক শক্তি কাজে লাগানোর একটি প্রস্তাব খতিয়ে দেখছেন চীনের কর্মকর্তারা। এসংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত কি না, সূত্র তা জানায়নি। তবে তাদের দাবি, এটি হবে খুবই জোরালো ও চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি সিদ্ধান্ত।

২০১৭ সালে দেশটি প্রথম নিজের তৈরি বিমানবাহী রণতরির যাত্রা শুরু করে। শানডং নামে পরিচিত ৫০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন সোভিয়েত কুজননেসভ-শ্রেণির নকশার ওপর ভিত্তি করে তা তৈরি করা হয়। এছাড়া ৬০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরো একটি যুদ্ধজাহাজ চীনের রয়েছে যা ইউক্রেন থেকে কেনা হয়েছে।