করোনা:ইতালিতে আবারও বন্ধ হচ্ছে দোকান, রেস্তোরাঁ ও স্কুল

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:৫৯

বিবিসি

ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এই সতর্কতার কথা মাথায় রেখে সোমবার থেকে ইতালি জুড়ে নতুন বিধিনিষেধ জারি করা হচ্ছে।

ইতালিতে এখন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছেই। প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছেন। মারা যাচ্ছেন তিনশরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে করোনার নতুন ঢেউয়ের শঙ্কার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। নতুন করে সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে দেশটিতে অর্ধেকেরও বেশি অঞ্চলে স্কুল, রেস্টুরেন্ট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে দেশটির পূর্বাঞ্চলে সপ্তাহে তিন দিন পুরোপুরি বন্ধ অর্থাত্ লকডাউন থাকবে। খ্রিষ্টান ধর্মালম্বীদের ইস্টার উত্সবের সময় ৩-৫ এপ্রিল সর্বাত্মক শাটডাউন জারি থাকবে। কাজ, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়িতে থাকতে হবে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইস্টার উত্সব পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। এছাড়া ইস্টারের ছুটিতে পুরো দেশকে রেড জোন বিবেচনা করে সর্বাত্মক শাটডাউন জারি করা হবে।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি নতুন করে দেওয়া এই বিধিনিষেধে বাচ্চাদের পড়াশোনা, দেশের অর্থনীতি এবং ইতালিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু ভয়াবহ পরিস্থিতি এড়াতে আমাদের কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়েছে।’

এক বছর আগে করোনা সংক্রমণের ভয়াবহ রূপ দেখেছিল দেশটি। এরপর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও দফায় দফায় তা আবার বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৩২ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে। দেশটির বেশির ভাগ অঞ্চলের হাসপাতাল এবং আইসিইউ ইউনিটে কোনো জায়গা নেই। গেল সপ্তাহে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারকে বিশেষ সতর্কবার্তা দেয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে দেশটি।