যমুনার শাখা নদীর তীরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন। আজিজপুর, চরগোবিন্দী, কাজলা, একতা, ব্রহ্মোত্তর, কাঠমা, হাড়গিলা—এসব এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন মাহমুদপুর বাজারে যাতায়াত করেন। প্রয়োজনীয় সব জিনিস কিনতে মাহমুদপুর বাজারে আসতে হয় তাঁদের। যাতায়াত সুগম করতে চর মাহমুদপুর রাস্তার মোড়ে সেতু প্রয়োজন। গত এক যুগে এই ইউনিয়নে বড় বড় কাজ হলেও সেতু নির্মাণের ব্যাপারে কোনো উদ্যোগ নেই। বন্যা এলে জনদুর্ভোগ চরমে ওঠে। কাঠ, বাঁশ, লোহা, টাকা ইত্যাদি সংগ্রহ করে প্রত্যেক বছর কাঠের সেতুটা সংস্কার করা হয়। সে স্থানে পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মিজানুর রহমান
৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন, মেলান্দহ, জামালপুর
