কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ফায়েজ মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত ১০ জন। গুরুতর আহত একই গ্রামের লতিফ ভূইয়ার ছেলে ফায়েজ উদ্দিনকে ঢাকা পাঠানো হয়েছে। নিহত ফায়েজ মিয়া নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে।
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান বলেন, পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরেই ফায়েজ মিয়া হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
