সরিষাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৩

স্বামী পলাতক

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার সন্ধ্যায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তৃষা খাতুন (১৯)। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহা আলমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

সরিষাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, এক বছর আগে উপজেলার শুয়াকৈর গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাহা আলমের সঙ্গে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের রেজাউল মণ্ডলের মেয়ে তৃষা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঐদিন স্থানীয় লোকজন শাহা আলমের ঘরের ধরনার সঙ্গে তৃষা খাতুনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। সরিষাবাড়ী থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।