স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীতে সেপটিক ট্যাংক থেকে শনিবার দুপুরে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিমান বাবু (৭)। সে লালমনিরহাটের বাসিন্দা রাজমিস্ত্রি বেল্লাল মিয়ার ছেলে। রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়ায় নানাবাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সিমান। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়ারি করেন তার নানা আব্দুস সালাম। সিমানের মা দ্বিতীয় স্বামীকে নিয়ে ঢাকায় থাকেন। কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রকৃত বিষয়টি খতিয়ে দেখছে।
