বগুড়ায় কয়েল কারখানায় আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৩

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শনিবার ভোরে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে বেলাল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার শিকারপুর গ্রামের নেংড়া বাজারে মর্টার ওয়ান মসকিটো নামের কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বাসিন্দা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, খবর পেয়ে ঐ কারখানায় গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে একজন শ্রমিক মারা গেছেন। এছাড়া কিছু কয়েলসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটেছে। বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।