ভ্যানচালক হত্যার ঘটনায় দুই জন রিমান্ডে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পর ভ্যানচালক যুবকের কঙ্কাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত দুই ঘাতককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার সরকার। শুক্রবার মামুন ও শামসুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক মামুনকে তিন দিন এবং শামসুলকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসিরুজ্জামান। গতকাল শনিবার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাসিরুজ্জামান জানান, গত বছর ২০ নভেম্বর ভ্যানচালক শফিকুল নিখোঁজ হন। গ্রেফতারকৃত মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার নওগাঁ গ্রামের একটি লেবুবাগান থেকে নিখোঁজ শফিকুলের কঙ্কাল মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অন্য জন শামসুলকে। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, ‘নিখোঁজ ভ্যানচালক শফিকুলের কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই ঘাতককে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।’