সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৫

 

পতাকা উত্তোলন দিবস পালিত

জামালপুর প্রতিনিধি জামালপুরে শনিবার পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরিপুর কাচারী মাঠে সর্বপ্রথম মানচিত্রখচিত লাল-সবুজের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। ঐদিন পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন তত্কালীন আশেক মাহমুদ কলেজের ভিপি, ছাত্র সংগ্রাম পরিষদের মহকুমার নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মতিন মিয়া (হিরু)। দিবসটি উপলক্ষ্যে এদিন শহরের তমালতলা থেকে পতাকাবাহী মিছিল বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়।

শহিদ রমিজ উদ্দিন বীরবিক্রম দাবা প্রতিযোগিতা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা শায়েস্তাগঞ্জে শুক্রবার রাতে ‘বীর মুক্তিযোদ্ধা শহিদ রমিজ উদ্দিন বীরবিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া ও রানারআপ হয়েছে মো. তাজুল ইসলাম। স্থানীয় প্রেসক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়।

বঙ্গবন্ধুর জন্মদিনে ম্যারাথনের আয়োজন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাসাইল ও সখীপুরে হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের স্ত্রী রুনা লায়লা রুমা, ছাত্রলীগ নেতা আশরাফউজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা সামাদ হোসেন সামু প্রমুখ উপস্থিত ছিলেন।

যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি যুব মহিলা লীগের কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা শাখার সভাপতি সালমা হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জাকিয়া পারভীন মণি এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান প্রমুখ।

নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা দেবীদ্বারে নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটানো এবং কাজের স্বীকৃতি দিতে শনিবার দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের উত্সব কমিউনিটি সেন্টারে ফিতা ও কেক কেটে উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান। দেবীদ্বার গার্লস কমিউনিটির উদ্যোগে আয়োজিত মেলায় দেবীদ্বারে বিভিন্ন অঞ্চলের প্রায় ২০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

বিশ্বনাথে গুণীজন সংবর্ধনা

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের কর্মকলাপতি-মাধবপুর গ্রামে সামাজিক সংগঠন নব জোয়ার যুব সংঘের উদ্যোগে শুক্রবার রাতে ছয় জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংঘের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা সদস্য বুরহানুল ইসলাম জাবেদ। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সমাজসেবক আরশ আলী গণি, কামাল বাজার ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একরামুল হক প্রমুখ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শনিবার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।