ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭০০ কোটি টাকা

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৮

সাপ্তাহিক পুঁজিবাজার

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে বিদায়ি সপ্তাহের বেশির ভাগ সময় সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ি সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮৫৪ কোটি ৩০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭৫৮ কোটি ৬৪ লাখ টাকা। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭ হাজার ৭৭৮ কোটি ৭৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ৯৫২ কোটি ৪৮ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৯৩১ কোটি টাকা।

ডিএসইতে গত সপ্তাহে ৪ হাজার ৩৩০ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২০ দশমিক ৪৪ শতাংশ। গেল সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৮৬৬ কোটি ১৭ লাখ টাকা। আগের সপ্তাহে গড়  লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ১৯ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির।