ভুয়া অডিট রোধে কাজ করবে বিএসইসি ও আইসিএবি

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

‘ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহারের লক্ষ্যে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম উপস্থিত ছিলেন। দেশের অ্যাকাউন্টিং পদ্ধতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য, নিরীক্ষা প্রতিবেদনের অপব্যবহার রোধ করার জন্য আইসিএবি এই সফ্টওয়্যার ডেটাবেস ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) চালু করেছে। এ সময় জানানো হয়, দেশে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর নিবন্ধিত কোম্পানির সংখ্যা ১ এক ৭৬ হাজার এবং এর মধ্যে ৭৮ হাজার কোম্পানি টিআইএন গ্রহণ করেছে এবং যার মধ্যে অর্ধেকের বেশি কোম্পানি আয়কর রিটার্ন দাখিল করে না। কিছু কোম্পানি নামমাত্র অডিট করে, অনেক ক্ষেত্রে ভুয়া অডিট করে পার পাচ্ছে। ফলে দেশ বিশাল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এসব অনিয়ম দূর করার জন্য এই ডিভিএস বেশ কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠানসমূহ যদি ডিভিএস ব্যবহার করে তবে ঋণখেলাপি সংস্কৃতিও অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে আশা করা হয়েছে।