ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি ও তা বেচাকেনায় জড়িত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম মো. রবিন। অভিযানকালে তার কাছ থেকে ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোট, একটি মোবাইল ফোনসেট ও ৪০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মাহফুজুর রহমান জানান, তাদের একটি আভিযানিক দল গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ডে অভিযান চালিয়ে রবিনকে আটক করে। সে দীর্ঘদিন যাবত্ জাল টাকা তৈরি করে রাজধানীর বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
