‘নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে’

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, শুধু আইন দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান আহরণ করে তা কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।

গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ এবং তেজগাঁওস্থ উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের যৌথ উদ্যোগে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনসমূহ বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, অ্যাডভোকেট মাকছুদা আখতার, আইনজীবী রাম লাল রাহা ও আইনজীবী দিপ্তী সিকদার।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, সহিংসতার শিকার নারী ও কন্যার সঙ্গে মানবিক ও জেন্ডার সংবেদনশীল আচরণ এবং তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সীমা মোসলেম আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বলেন, যথাযথ সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পাদন কারার ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রিতা অনেকাংশে দূর করা সম্ভব।