ছুটির দিনে কুইন্সটাউন ভ্রমণে টাইগাররা

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:২৪

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের কঠিন দিনগুলো পেরিয়ে নয়নাভিরাম সৌন্দর্যের কুইন্সটাউনে এসেছিল বাংলাদেশ জাতীয় দল। ছবির মতো সুন্দর জন ডেভিস ওভালের মাঠ। যেখানে পাহাড় যেন আকাশ ছুঁয়েছে। এ মাঠে টানা দুই দিন অনুশীলন করেছে টাইগাররা। গতকাল অনুশীলন ছিল না, বিশ্রাম তথা ছুটির দিনটা হোটেল রুমে অলস বসে কাটাননি বাংলাদেশের ক্রিকেটাররা। দিনভর কুইন্সটাউনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের মিশনে কাটিয়েছেন তামিম-মুশফিকরা।

পুরো দল মিলে জেট বোটিং, বানজি জাম্পিংসহ কুইন্সটাউনের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। প্রকৃতির মায়াময় রূপ অবলোকনের মাধ্যমে দিনভর মজার সময় কেটেছে তাসকিনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণের স্থিরচিত্র পোস্ট করেছেন সবাই।

তাসকিন নিজে সতীর্থদের সঙ্গে জেট বোটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে বানজি জাম্পিংও করেছেন। যেখানে অনেক উঁচু স্থান থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়েছেন। শূন্যে ঝুলে দেখেছেন ভূমি। অবশ্য শক্ত এক দড়ি দিয়ে বাঁধা ছিলেন তাসকিন। কুইন্সটাউনে আসা পর্যটকদের কাছে এটা খুবই আকর্ষণীয়। 

গতকাল দিনের কর্মকাণ্ড নিয়ে ডানহাতি এ পেসার জানিয়েছেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। তো সেটা শেষ করার পর ইতিমধ্যে আমরা দুই দিন প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস সুযোগ-সুবিধা ও অনেক কিছুই বেশ সুন্দর। আজকে (গতকাল) আমাদের ছুটির দিন ছিল এবং দলের সবাই আমরা কিছু মজার কর্মকাণ্ড করলাম। খুব ভালো লাগছে এবং আশা করি সামনেও অনেক ভালোই যাবে ইনশা আল্লাহ।’ কুইন্সটাউনে আগেও পা পড়েছিল হাসান মাহমুদ, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুবদের। নিউজিল্যান্ডে ২০১৮ সালে যুব বিশ্বকাপ খেলতে এসে এ শহরে ক্যাম্প করেছিল বাংলাদেশ যুব দল। তাই আফিফ-নাঈমদের কাছে পরিবেশটা বেশ পরিচিত। তাই সময়টা উপভোগ করছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। গতকাল তিনি বলেছেন, ‘এখানে আমি আগেও এসেছি, এখানে পরিস্থিতি ও আবহাওয়া আমার কাছে অনেকটাই স্বাচ্ছন্দ্যপূর্ণ। তো আমি বেশ উপভোগ করছি।’