স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সাবেক এই কিউই অধিনায়কের সঙ্গে বিসিবির চুক্তি নবায়ন হচ্ছে না। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপরই আগামী ১২ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়াল দিবে বাংলাদেশ দল। উপমহাদেশের কন্ডিশনে এ সফরে স্পিন কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এটুকু নিশ্চিত ভেট্টোরিকে অন্তত লঙ্কা সফরে পাওয়া যাচ্ছে না। সময় কম বলে এখনই নতুন স্পিন কোচ নিয়োগের পথেও যাচ্ছে না বিসিবি। তাই দেশীয় স্পিন কোচকেই মুমিনুল বাহিনীর সঙ্গে শ্রীলঙ্কা পাঠানো হবে। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বিসিবির এ পরিচালক গতকাল বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরে দেশীয় স্পিন কোচে প্রাধান্য দিচ্ছি। স্থানীয় কোচ আছে যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাব।’ সম্ভাবনা আছে অতীতে জাতীয় দলের সঙ্গে খণ্ডকালীনভাবে কাজ করা মিরাজ-তাইজুলদের গুরু বিসিবির কোচ সোহেল ইসলামই শ্রীলঙ্কা সফরে যাবেন। ভেট্টোরির সঙ্গে চুক্তিটা নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজ পর্যন্তই বহাল থাকছে।
আকরাম খান বলেছেন, ‘ভেট্টোরির সঙ্গে চুক্তি টি-টোয়েন্টি পর্যন্ত। করোনার সময়ে নিউজিল্যান্ড যাওয়া এবং আসা বিরাট একটা পদ্ধতিগত সমস্যা আছে। সেটার জন্য আমরা আপাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে পাব না। আমরা ভবিষ্যতে চিন্তা করব কি হয় না হয়।’ মুমিনুলদের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত। লঙ্কান বোর্ড চাইছে টাইগাররা কোয়ারেন্টাইনের সময়টা কলম্বোর বাইরে থাকুক।
বিসিবি চায় বাংলাদেশ দল কলম্বোয় কোয়ারেন্টাইন করুক। বিষয়গুলো চূড়ান্ত হলেই সিরিজের সূচি ঘোষণা করা হবে। ইংল্যান্ডের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই টেস্ট গলে খেলবে শ্রীলঙ্কা। আকরাম খান বলেন, ‘যতটুকু আমরা জানি, একই ভেন্যুতে দুই টেস্ট হবে। গলের সম্ভাবনা আছে।’
