উত্তর লন্ডন
ডার্বি আজ
স্পোর্টস ডেস্ক
উত্তর লন্ডনের সবচেয়ে বড় দুই দল, আর্সেনাল ও টটেনহাম হটস্পার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ। তবে এই মুখরোচক লড়াইয়ের আগে প্রতিপক্ষ আর্সেনালকে গোনাতেই ধরছেন না স্পার্স ম্যানেজার জোসে মরিনহো। এই পর্তুগিজ ম্যানেজার জানিয়েছেন, এখন তার দৃষ্টি শুধুই শীর্ষ চারে।
নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে সামনে থেকেই গত চার মৌসুম শেষ করেছে স্পার্স। এই মৌসুমেও গানারদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে মরিনহোর দল। এজন্যই হয়তো আর্সেনালের প্রতি একরকম তাচ্ছিল্যের সুরেই মরিনহো বলেছেন, ‘আমার দৃষ্টি ওপরে থাকে, নিচে না। আর্সেনাল যদি আমাদের চেয়ে সাত পয়েন্ট সামনে থাকত, তাহলে আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম। আমরা যেহেতু ৭ পয়েন্টে এগিয়ে আছি, নিচে তাকানোর সময় নেই আমাদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মুহূর্তে বেশ ছন্দেও আছে হ্যারি কেইনরা। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই পেয়েছে জয়ের দেখা, তাও আবার সম্মিলিত ১৫-১ গোলের ব্যবধানে। সেজন্যই হয়তো ডার্বির আগে এতটা আত্মবিশ্বাস পাচ্ছেন মরিনহো। স্পার্স ম্যানেজার হিসেবে আর্সেনালের সঙ্গে দুই বারের দেখায় দুই বারই জিতেছেন তিনি। এর আগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবেও অনেক বার আর্সেনালের মুখোমুখী হয়েছেন এই বর্ষীয়ান ম্যানেজার। সেই সময়ে তত্কালীন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে রেষারেষির ইতিহাসও আছে তার। তবে এখন আর পূর্বের দ্বন্দ্বের কথা মনে করে পুরোনো রেষারেষি ফিরিয়ে আনতে চান না তিনি, ‘আমি শ্রদ্ধাশীল হতে চাই। ঐ পথে আর হাঁটার ইচ্ছে নেই আমার।’
বর্তমানে লিগ টেবিলের সাতে অবস্থান করছে মরিনহোর স্পার্স। চারে থাকা চেলসির চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
