জগন্নাথপুরে পাঁচ তরুণকে পিটিয়ে ন্যাড়া করে দেওয়ায় গ্রেফতার ৩

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:৪৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে স্টাইল করে চুল-দাড়ি কাটার কারণে পাঁচ তরুণকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার এক তরুণ ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করে। গত শুক্রবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজ মিয়া, আনর মিয়া ও শ্যামল মিয়া। তারা পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার এক তরুণ বাদী হয়ে থানায় মামলা করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দ করের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুবাস কর, নয়ন কর ও হূদয় কর, লিপন দাস পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের একটি সেলুনে চুল ও দাড়ি কাটছিলেন। এ সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামের আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান ও আনর মিয়া ঐ তরুণদের স্টাইল করে চুল দাড়ি কাটা নিয়ে বিদ্রুপ ও কটূক্তি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ তরুণদের পিটিয়ে জোর পূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ভূবেশ শব্দ কর জানান, এমন ঘটনায় আমরা হতাশ। এসএসসি পরীক্ষার্থীসহ সাত জনের মধ্যে পাঁচ জনের মাথা ন্যাড়া করে নির্যাতন করা হয়।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক রাজিব রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।