গাজীপুরে ভাওয়াল বন্ধনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২৩:০০

 ‘এসো মিলি প্রাণের টানে, ভাতৃত্বের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল বন্ধনের উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

মিলন মেলার আয়োজক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মো. রকিব সরকার জানান, ভাওয়াল অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ এবং নানা পেশার লোকদের এ মিলন মেলায় আমন্ত্রণ জানানো হয়। সনি রাজ কার প্যালেসের সৌজন্যে মিলন মেলা উপলক্ষ্যে মুক্ত আলোচনা, পিঠা উত্সব, র্যাফেল ড্র, গজল, বিভিন্ন প্রকার খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলন মেলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।