বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন নিরবচ্ছিন্ন বিদ্যুত্ নিশ্চিত করবে। উন্নত বিশ্বের বিতরণ ব্যবস্থার মতোই বাংলাদেশের বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা হতে যাচ্ছে। যার মূল লক্ষ্যই হবে গ্রাহক সেবা বৃদ্ধি।
গতকাল শনিবার ‘রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহে ভূ-গর্ভস্থ বিতরণ লাইন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, স্ক্যাডা, ই আর পি, স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার, জিআইএস ম্যাপিং, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, প্রি-পেইড মিটারিং ব্যবস্থা, মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুত্ বিল পরিশোধ, অন-লাইনের মাধ্যমে নতুন সংযোগ, নেট মিটারিং গাইডলাইনের মতো কর্মসূচির মাধ্যমে বিদ্যুত্ খাতকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
