আওয়ামী লীগ, জাপা কেউ কাউকে চায় না :জি এম কাদের

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২৩:০৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা কোনো জোটেই নেই। বর্তমানে আওয়ামী লীগ জাপাকে চায় না, জাপাও আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগের ১৪ দলের সঙ্গেও জাপার কোনো যোগাযোগ নেই। তিনি গতকাল শনিবার বনানীতে তার কার্যালয় মিলনায়তনে পার্টির যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, জাপা কখনো পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাপার নিজস্ব রাজনীতি আছে, স্বকীয়তা নিয়েই রাজনীতির মাঠে এগিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশকে জুলুমখানায় পরিণত করেছে, আমরা দেশের মানুষকে সব জুলুম নির্যাতন থেকে মুক্তি দেব। আমরা বিরোধী দলে আছি, সব পরিস্থিতি মোকাবিলা করে আমরা দেশের মানুষের পক্ষে কথা বলব।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১৯৯১ সালের পর থেকে সংসদীয় গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দুটি দলই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের মানুষের অধিকার হরণ করে মানুষকে জিম্মি করেছে। দল দুটি সুশাসনকে নির্বাসনে দিয়েছে। দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে। সব স্তরে দলীয়করণের মাধ্যমে লুটপাট করে টাকার পাহাড় গড়েছে এই দুই দলের নেতাকর্মীরা। তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করে। ছোটখাটো নির্বাচনেও তারা কোটি কোটি টাকা নিয়ে মাঠে নামে।

জি এম কাদের আরো বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। কারণ তারা মুদ্রার এপিঠ-ওপিঠ।  সরকারি দল না করলে এখন আর কেউ চাকরি পায় না, ব্যবসাও করতে পারে না। সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন, অন্যদের জন্য আলাদা আইন।

জাপা চেয়ারম্যান বলেন, জাপা দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনে যাবে। চ্যালেঞ্জ ছাড়া কোনো নির্বাচনেই কাউকে ছেড়ে দেওয়া হবে না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে দলের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে আইনের শাসন নেই। নির্যাতনের শিকার লেখক মুশতাক জেলখানায় মারা গেছেন। নির্যাতিত কার্টুনিস্ট কিশোর জামিন পেয়েছেন মুশতাকের মৃত্যুর পরে। শুধু ভৌগোলিক স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।