খুলনায় চরমপন্থী নেতার ১৭ বছরের কারাদণ্ড

আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:০৯

খুলনায় অস্ত্র আইন মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) আঞ্চলিক নেতা রফিক জোয়ার্দারকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

রবিবার (১৪ মার্চ) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে, ডুমুরিয়া উপজেলার চ‌হেড়া গ্রামের আনসার জোয়ার্দারের ছে‌লে রফিক জোয়ার্দার (৪৮)। সে খুলনার ডুমুরিয়া উপজেলার ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ন পরিষদের সদস্য।

আদালত সূত্র জানা যায়, ২০০৭ সালের ২৬ অক্টোবর রাতে ডুমুরিয়া উপজেলার মাধবিকা‌টি গ্রা‌মের প্রাইমারি স্কুলের সামনে থেকে রফিক জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পা‌র্টির আঞ্চলিক নেতা। তার নামে ডুমুরিয়া থানায় ২১টি ও যশোর থানায় ২ টি মামলা রয়েছে। সে ওইখানে অপর সহযোগীদের নি‌য়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আলোচনায় ব‌সে‌ছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চা‌লি‌য়ে র‌ফিক‌কে দে‌শি তৈরি এক‌টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। পরে ওই ঘটনায় ডুমু‌রিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বাদি হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রেন। একই বছ‌রের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. ত‌ফিকুল ইসলাম আসামি র‌ফিক‌কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন। মামলা চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপ‌ক্ষে মামলাটি পরিচালনা করেন এপি‌পি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার।

ইত্তেফাক/এমএএম