লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার ৫০তম বর্ষ উপলক্ষে জাতীয় কবির দুটি দেশাত্মবোধক গান নিয়ে আসছে জেমস অফ নজরুল। এটি তাদের ১৬তম প্রযোজনা। ‘এই আমাদের বাংলাদেশ’ শিরোনামের এই গানটির চিত্রায়ন মুক্তিযুদ্ধ জাদুঘরসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছে দেশের ১০০ জন প্রথিতযশা ও নবীন শিল্পী। এদের মধ্যে রয়েছেন শাহীন সামাদ, ডালিয়া নওশিন, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা তুজ জোহরা, ইয়াসমিন মুশতারী, তানজিনা করিম স্বরলিপি, ইশরাত জাহান, বর্ণালী সরকার, কানিজ শিম্পী, ইসমত আরা ইভা, বিজন মিস্ত্রী, মাহমুদুল হাসান, শহীদ কবির পলাশ, সঞ্জয় কবিরাজ, তানভীর আহমেদ, গুলজার হোসেন উজ্জ্বল’সহ অনেকে। জেমস অফ নজরুলের পরিবেশনা এবং সাদিয়া আফরিন মল্লিকের সার্বিক পরিচালনা ও পরিকল্পনায় গান দুটির সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেছে ধৃতি নর্তনালয়। গান দুটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন রম্য খান। গান দুটি সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে চ্যানেল আইয়ে রাত ১২টা ০১ মিনিটে ও জেমস অফ নজরুলের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
