ধুলাবালি এড়াতে মাস্ক ব্যবহার করা প্রয়োজন

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:২৭

ঢাকার বাতাসে ভাসমান বস্তুকণা অধিকাংশ ধুলা। বায়ুদূষণ রীতিমত অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, দীর্ঘমেয়াদি ফুসফুসের প্রদাহ, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া থেকে শুরু করে প্রাণঘাতী ক্যান্সার পর্যন্ত হচ্ছে। কেবল ধুলাবালির কারণে বায়ুদূষণ হয় না। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, লেড বা সিসা ও নাইট্রোজেন অক্সাইড গ্যাস বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, ঢাকার বাতাসে যেসব ভাসমান বস্তুকণা ভেসে বেড়ায় তার ৭০ শতাংশ ধুলা। শীত মৌসুমে ধুলা বেশি হয়। সূক্ষ্ম বস্তুকণাগুলো ১০০ থেকে ২০০ ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পরিমাপে বাতাসে ভারী বস্তুকণা দূষণের দিক দিয়ে ঢাকা শীর্ষে। লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে ১৪০টি অযোগ্য শহরের তালিকায় ঢাকার পরে রয়েছে মাত্র দুটি শহর—একটি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক, অপরটি নাইজেরিয়ার লাগোস।

শহরকে দূষণমুক্ত রাখতে বিশেষ করে শিশু ও বৃদ্ধাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সময়োপযোগী কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। করোনার জন্য মাস্ক পরা শুরু করা লোকদের জানা প্রয়োজন, সুস্থ জীবন যাপনের জন্য ধুলাবালি এড়িয়ে চলতেও মাস্ক ব্যবহার করা জরুরি।

মো. ইসরাফিল আলম রাফিল

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা