বাংলাদেশে নেদারল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকা চেম্বারের

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ মূলত তৈরি পোশাক, হিমায়িত মাছ এবং চামড়া ও চামড়াজাত পণ্য নেদারল্যান্ডসে রপ্তানি করে। বাংলাদেশ থেকে আরে বেশি হারে তৈরি পোশাক ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত প্রভৃতি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ের সঙ্গে চেম্বার ভবনে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের দিক থেকে নেদারল্যান্ডস তৃতীয় স্থানে রয়েছে এবং বর্তমানে খাদ্য, জ্বালানি, সিমেন্ট, তৈরি পোশাক ও টেক্সটাইল প্রভৃতি খাতে নেদারল্যান্ডসের উদ্যোক্তারা প্রায় ১৪৯ কোটি মার্কিন ডলারের (১২ হাজার ৬৬৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে, যা বাংলাদেশে মোট বৈদেশিক বিনিয়োগের প্রায় ৮ শতাংশ। নদী ও পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের দক্ষতার বিষয়টি উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর পানি, পয়ঃনিষ্কাশন ও বর্জব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের প্রস্তাব করেন।

সাক্ষাত্কালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ গৃহীত হওয়ায় অভিনন্দন জানান, তবে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে তিনি বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানিপণ্যের বহুমুখীকরণের ওপর জোরারোপ করেন। এছাড়াও তিনি ইউরোপীয় বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন বলে মত প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে ব্যান্ডিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পোলট্রি ও ডেইরি, ড্রেজিং, ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) এবং মেরিটাইম প্রভৃতি খাত ডাচ্ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১২৩ কোটি মার্কিন ডলার (১০ হাজার ৪৫৫ কোটি টাকা), যেখানে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৩ কোটি ৮৩ লাখ এবং ১০৯ কোটি ৮৬ লাখ ডলার।