বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় হঠাত্ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৯৮ জন রোগী চিকিত্সা নিচ্ছেন। এদিকে প্রয়োজনীয় বেড না থাকায় মেঝেতে ঠাঁই নিয়েছেন অনেক রোগী। আক্রান্তদের বেশির ভাগই নারী ও শিশু।
শনিবার দুপুরে সরজমিনে বরগুনা জেনারেল হাসপাতালে দেখা গেছে, হাসপাতালের নিচতলার মেঝেতে বিছানা পেতে চিকিত্সা নিচ্ছেন রোগীরা। এদের মধ্যে অধিকাংশই শিশু, নারী ও বৃদ্ধ। মেঝের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে অবস্থান নিতে হয়েছে রোগীদের। এতে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছে। মনিরুজ্জামান নামের এক রোগী জানান, তিনি শুক্রবার রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড না থাকায় মেঝের নোংরা পরিবেশে তাকে চিকিত্সা নিতে হচ্ছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (আবাসিক) ডা. মো. সোহরাব উদ্দীন বলেন, মার্চের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করে। প্রথম সপ্তাহে গড়ে ২০ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন ৪০ জনে পৌঁছায় এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় তা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ১ মার্চ থেকে শনিবার পর্যন্ত এ হাসপাতালে ২৩০ জন রোগী ডায়রিয়ার চিকিত্সা নিয়েছে এবং বর্তমানে ১৯৮ জন ভর্তি রয়েছে। এমনিতেই হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিত্সক এবং বেড নেই। তাই রোগীরা হাসপাতালের মেঝেতে বিছানা পাততে বাধ্য হয়েছে। এভাবে রোগী বাড়তে থাকলে দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেবে। তবে যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সু-চিকিত্সা নিশ্চিত করতে।
বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, গরম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়া উপকূলের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা অতটা স্বাস্থ্য সচেতন নয়, অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে রোগ-জীবাণুর আক্রমণের শিকার হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। চিকিত্সা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিতের জন্য সাধ্যমতো চেষ্টা করছি।
