সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইল উপজেলার চারটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে শত শত গাছ উপড়ে পড়েছে। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি ও ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। কাঁচা বসতঘরবাড়ি ভেঙে গেছে। শনিবার বিকালে ঝড় শুরু হয়ে থামে সন্ধ্যায়। ঝড়ে উপজেলার সর্বত্র বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, উপজেলা চারটি ইউনিয়নে ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। ৩০-৪০টি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। এতে উপজেলা সদর, কালীকচ্ছ, চুন্টা ও শাহজাদাপুর ইউনিয়নে বিদ্যুত্ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর, গলানিয়া ও কালীকচ্ছ গ্রামের অর্ধশতাধিক কাঁচা বসতবাড়ি ভেঙে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ঝড়ে অনেক বসতবাড়ির ক্ষতি হয়েছে। গাছপালা ও ফসলি জমিরও ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।
