কুমিল্লায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৬

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার বরুড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহজাহান নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাতে বরুড়া উপজেলার আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান (৫৫) ঐ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মিয়া ও সহোদর সোলেমান মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শনিবার মধ্যরাতে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ হয়। প্রথমে শাহজাহানকে লাঠি দিয়ে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এ সময় প্রতিবেশীরা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ এসে শাহজাহানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।