নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মাদকদ্রব্য রাখার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন এবং অন্য আরেক ব্যক্তির এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯) ও মিলন আলী (২৯)। মামলার এজাহারের সূত্র ধরে অতিরিক্ত সরকারী কৌঁসুলি মো. আজিজুল হক জানিয়েছেন, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন জুয়েল রানা ও মিলন আলী নামে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। জুয়েল রানার কাছে ১০০ গ্রাম হেরোইন ও মিলন আলীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
