জামালপুরের বকশীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক তাকিউল হাসান উদয় (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বর্ধিত বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।
রবিবার (১৪ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তাকিউল হাসান উদয় বকশীগঞ্জ উপজেলার উঠানোপাড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, ২০১৫ সালের ৩ এপ্রিল রাতে চাচাতো ভাই তাকিউল হাসান উদয় বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ফলে গর্ভবতী হন ওই ছাত্রী। ঘটনা জানাজানি হলে ১৪ আগস্ট শেরপুরের ডক্টরস হাসপাতালে ওই ছাত্রীকে গর্ভপাত করানো হয়। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তাকিউল হাসান উদয় ।
এ ঘটনায় ২০১৬ সালের ২৬ জানুয়ারি ওই ছাত্রী বাদি হয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ১৬ সাক্ষীর মধ্যে ১৩ জনের জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। জরিমানার টাকা ওই ছাত্রীকে প্রদানের করার জন্য আদেশ দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. মোকাম্মেল হক।
ইত্তেফাক/এমএএম
