দিনাজপুরে বাণিজ্য মেলা স্থগিত

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৭

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

সারা দেশের মতো দিনাজপুরেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। দিনাজপুরে চার জন থেকে কয়েক দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১ জনে দাঁড়ায়। এরপরও এই পরিস্থিতি উপেক্ষা করে চলছিল মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন। সর্বশেষ বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এনে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি বাণিজ্য মেলার সব কার্যক্রম স্থগিত করেছে।  শনিবার বিকালে  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় সতর্কতা হিসেবে বাণিজ্য মেলা করা যাবে না। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক নির্দেশনা মেনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর বড় ময়দানে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে দিনাজপুর শিল্প ও বণিক সমিতি। গত ১৩ মার্চ এই মেলা শুরু হওয়ার কথা ছিল।