জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক জনের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৭

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাট পৌর শহরের হারাইল মোড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ওয়াহেদ (৬০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার  সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহত ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। জয়পুরহাট শহর থেকে ওয়াহেদ মোটরসাইকেল যোগে হিচমী মন্ডল পাড়া নিজ বাড়িতে ফিরছিলেন। জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল মোড় এলাকায় জয়পুরহাট শহরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত ওয়াহেদকে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়ায় এক জনের মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, ভাণ্ডারিয়ায় রবিবার দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় হাবিব মীর নামের এক দিনমজুর মারা গেছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ ৯ জন। উপজেলার নদমুলা-চরখালী বাইবাস সড়কের সংযোগস্থলে ইট টানা ট্রলির সঙ্গে চরখালীগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের ওহাব মীরের ছেলে ঘটনাস্থলেই মারা যান।  ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান জানান, ঘাতক ট্রলিটি জব্দ করে মামলার প্রস্তুতি চলছে।