রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল ভস্মীভূত হয়েছে। এসময় ঘরের ভেতর থাকা মানসিক ভারসাম্যহীন নারী মায়া বেগম (৫৫) দগ্ধ হয়ে মারা গেছেন। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ববিঘা কুতুব উল্যাহ বাড়ির মুফিজ উল্যাহ ও কামালের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। রামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, লাশের বেশিরভাগ অংশই পোড়া। কারো কোনো অভিযোগ না থাকায় সবার সম্মতিতে দাফন করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সরকারের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বলসহ বিভিন্ন সহযোগিতা দিয়েছি।
