সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৭

 

শাখা ডাকঘর কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এতে মহসীনুল আলম সভাপতি ও ওয়াজেদ আলী বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার শহরের আস্তান মোল্লা ডিগ্রি কলেজ মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। সম্মেলনে সহসভাপতি মোকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য নাইমুল হকসহ ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক মহসীনুল আলম।

সরকারি-বেসরকারি সেবায় সম্পৃক্তকরণ কর্মশালা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা, শিশু ও পরিবারকে সরকারি এবং বেসরকারি সেবায় সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, মহিলাবিষয়ক কর্মকর্তা জিন্নতারা ইয়াছমিন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে চৌহালী উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল প্রমুখ। বিকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাজউদ্দিন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।