স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১১ এপ্রিল ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের যুবারা। সফরে বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী দল। গতকাল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। দেশের মাটিতে এটিই হবে বাংলাদেশের নতুন যুব দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
এদিকে পূর্ব সূচি অনুযায়ী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ ভারতে যাচ্ছে না বাংলাদেশ যুব দল। আরেক দফা পিছিয়েছে যুবাদের ভারত যাত্রা। প্রাথমিকভাবে ১০ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল টাইগার জুনিয়রদের। এ সফরেও একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। তবে কিছুটা বিলম্ব হওয়ায় চার দিনের ম্যাচটি বাদ পড়তে পারে। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডা, কোয়ারেন্টাইন জটিলতার কারণে এখনো ভারতে এসে পৌঁছায়নি আফগানরা। তাই বাংলাদেশের ভারত যাত্রাও পিছিয়ে গেছে। তবে বিসিবির আশা দ্রুতই সমস্যা কাটবে। আজ-কালের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে।
