স্পোর্টস ডেস্ক
লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে গত শনিবার এলচের প্রাথমিক প্রতিরোধকে অবজ্ঞা করে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার যোগ করা সময়ে করা জয়সূচক গোলটি বাড়তি তাত্পর্য পেয়েছে যখন দিনের অপর ম্যাচে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ৬ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে জিনেদিন জিদানের দল।
ডি স্টেফানো স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে একটি কর্ণারে মাথা ছুঁইয়ে সফরকারীদের এগিয়ে নিয়ে যান এলচে সেন্টার-ব্যাক দানি কালভো। এরপর দলের প্রয়োজনে আরো একবার ত্রাতা হিসেবে উপস্থিত হন বেনজেমা। ৭৩ মিনিটে হেড থেকে এবং যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে বা পায়ের দুর্দান্ত এক শটে গোল করেন রিয়ালের নাম্বার নাইন। ম্যাচশেষে বেনজেমার বীরত্বকে ছাপিয়ে মূল আলোচনায় চলে আসে সার্জিও রামোসের একটি পেনাল্টি আবেদন। তবে রিয়াল শিবির রেফারির প্রতি কিছুটা ক্ষিপ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও ম্যানেজার জিদান রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন না, ‘রেফারি তার কাজ করেছে। আমরা ভেবেছিলাম ঐখানে কিছু একটা হয়েছে (ফাউল), কিন্তু রেফারি তা ভাবেননি। এটাই। এরচেয়ে বেশি কিছু না।’
দিনের অন্য ম্যাচে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। প্রতিপক্ষ মাঠে করা এই ড্র-তে লুইস সুয়ারেজদের শীর্ষস্থান আরেকটু নড়বড়ে হয়ে গেলো। এখন তাদের ছয় পয়েন্টের ব্যবধানে চলে এসেছে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। আর আজকে হুয়েস্কার সঙ্গে বার্সা জিতে গেলে তারা চলে আসবে চার পয়েন্টের ব্যবধানে।
