‘হামলাকারীদের সঙ্গে ওসির সুসম্পর্ক, মামলা নিচ্ছে না থানা’

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:১৩

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলির প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশি হয়রানি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের পূর্বগ্রাম এলাকায় গতকাল কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নেয়। আগামী তিন দিনের মধ্যে তাদের দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু করা না হলে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।  এর আগে পূর্বগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. জাহেদ আলী। বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছে। রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিচ্ছে। তাদের আটক করেছে। আবার টাকার বিনিময়ে আটককৃতদের ছাড়াতে হচ্ছে। হামলাকারীদের সঙ্গে ওসির সুসম্পর্ক থাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।