ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাত চক্র দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিল। গতকাল ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে র্যাবের একটি দল। এ সময় ডাকাতি কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি, ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
